বুধবার, নভেম্বর ১১, ২০২৬
বুধবার, নভেম্বর ১১, ২০২৬
24 C
Dhaka
Homeআন্তর্জাতিকবাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা নিয়ে ভারতে বিতর্ক, মুখোমুখি বিজেপি-কংগ্রেস

বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা নিয়ে ভারতে বিতর্ক, মুখোমুখি বিজেপি-কংগ্রেস

প্রকাশ: অক্টোবর ১৯, ২০২৬ ৯:১৫

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ভারতে ‘ক্ষমতা পরিবর্তন’ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের বিরুদ্ধে সরকার পরিবর্তনের চেষ্টা করার অভিযোগ তুলে বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর বলেছেন, ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়। তার দাবি, বিরোধীরা সরকারকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেয়ার অভিযোগের প্রতিবাদে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারত ও বাংলাদেশের তুলনা এবং ‘ক্ষমতা পরিবর্তন’ নিয়ে বিতর্কের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্যের এই জবাব দেন শশী থারুর। এর আগে ভোটার তালিকা সংশোধন কার্যক্রম ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ২৯ বছর বয়সী শিক্ষার্থী ও অধিকারকর্মী নেহা বোরা।

তার অভিযোগ ছিল, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেয়ার উদ্দেশ্যে এই কার্যক্রম চালানো হচ্ছে। এ সময় তিনি ‘ক্ষমতা পরিবর্তনের’ কথাও উল্লেখ করেন। এর জেরেই কংগ্রেস ও নেহার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন রিজিজু।

বিরোধী শিবিরের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতা বিভিন্ন সময়ে ‘ক্ষমতা পরিবর্তনের’ কথা বলেছেন—এমন কয়েকটি ভিডিও ক্লিপ জুড়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন রিজিজু। এর সঙ্গে তিনি লেখেন, ‘এই লোকগুলোর দিকে তাকান, তারা ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করছে। মনোযোগ দিয়ে শুনুন—ভারত বাংলাদেশ নয়।’

তিনি আরও লেখেন, ‘ভারতের তরুণেরা বোকা নন। তারা ভারতকে গড়ে তুলবেন, ধ্বংস করবেন না। প্রকৃত ভারতীয় তরুণেরা পদক জিতছেন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, স্টার্টআপ ও প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছেন এবং সাংস্কৃতিক আইকন হয়ে উঠছেন।’

ভিডিওটিতে নেহা বোরা ও জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণসহ কয়েকজনের বক্তব্যের অংশ ছিল। তারা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে ‘ক্ষমতা পরিবর্তনের’ প্রসঙ্গ তুলেছিলেন।

সর্বশেষ এই বিতর্কে যোগ দিয়ে কংগ্রেসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের মন্তব্যের গুরুত্ব কিছুটা কমিয়ে দেখানোর চেষ্টা করেন থারুর। তিনি বলেন, ‘আমার মনে হয়, ভারত বাংলাদেশ নয়, ভারত ফ্রান্সও নয়। এই তুলনাগুলোকে আমি বিশেষ প্রাসঙ্গিক বলে মনে করি না। ফ্রান্সে যেসব সহিংসতা হয়েছে, বাস ও থানায় আগুন দেয়া হয়েছে—আমরা কখনোই সেগুলোকে সমর্থন করব না’।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অন্যান্য ইস্যুতে ফ্রান্সে সাম্প্রতিক দাঙ্গার প্রসঙ্গ তুলে এসব কথা বলেন ভারতের সাবেক এই কূটনীতিক। থারুর বলেন, বিরোধীরা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে বিশ্বাস করে এবং সেটিকেই সমর্থন করে।

তিনি বলেন, ‘বৃহত্তর বিষয়গুলোর ক্ষেত্রে ‘ক্ষমতা পরিবর্তন’ কিংবা এ ধরনের শব্দবন্ধকে বিকৃত করে ব্যাখ্যা করার কোনো অর্থ নেই। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইছি। এখন উদ্বেগের বিষয় হলো, অত্যন্ত সমস্যাপূর্ণ, অনিয়মপূর্ণ এবং আংশিকভাবে বেআইনি একটি প্রক্রিয়ার কারণে বিপুলসংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এ কারণেই আমরা পুরো প্রক্রিয়া বাতিল করার দাবি জানাচ্ছি। এটি একটি সাংবিধানিক বিষয়। কোনো সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা নয়।’

এদিকে ‘ক্ষমতা পরিবর্তন’ নিয়ে এই বক্তব্যের কারণে কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপির একাধিক নেতা। এসআইআর কার্যক্রমের মাধ্যমে ১৩ কোটির বেশি ভোটারের নাম বাদ দেয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করছে কংগ্রেস, ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বামপন্থিরা।

বিরোধী দলগুলোর সমর্থন রয়েছে সিজেপির প্রতি। দলটির নেতৃত্বে রয়েছেন বিদেশে শিক্ষিত জনসংযোগ বিষয়ে স্নাতক সম্পন্ন করা এক ব্যক্তি এবং আরও কয়েকজন। তারা প্রকাশ্যেই কংগ্রেস ও দলটির নেতা রাহুল গান্ধীর প্রতি সমর্থন জানিয়েছেন।

এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তারা বিক্ষোভ করেছিলেন। শেষ পর্যন্ত ওই ঘটনার জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়। তবে এসআইআর নিয়ে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে ভারতের নির্বাচন কমিশন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর