বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
17 C
Dhaka
Homeজাতীয়শবে বরাত উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার র‌্যাবের

শবে বরাত উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার র‌্যাবের

প্রকাশ: ফেব্রুয়ারি ২, ২০২৬ ৮:১৭

পবিত্র শবে বরাত উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা এবং আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

সোমবার (২ ফেব্রুয়ারি) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, শবে বরাত উপলক্ষে মুসল্লিরা দেশব্যাপী ইবাদত-বন্দেগি, নফল নামাজ ও জিকিরের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে শবে বরাত উদযাপন নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

এ উপলক্ষে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়াতে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সামগ্রিকভাবে শবে বরাতের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ৩ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে।

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী আরও জানান, ঢাকাসহ সারাদেশে ইউনিফর্মে টহল বৃদ্ধির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়াও শবে বরাত উপলক্ষে গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারগুলোতে বিশেষ নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের পরিচালক আরও বলেন, শবে বরাত কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও ধর্মবিরোধী অপপ্রচার বা গুজব প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা প্রতিহত করতে র‌্যাব সর্বদা প্রস্তুত রয়েছে।

শবে বরাত শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে র‌্যাব ফোর্সেসসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে।

এ সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে র‌্যাবের কন্ট্রোল রুমের নম্বরে ০১৭৭৭৭২০০২৯ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশের সব স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে র‌্যাব।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর