মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
25 C
Dhaka
Homeবাংলাদেশতিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

প্রকাশ: অক্টোবর ২৫, ২০২৬ ১১:২৩

বাংলাদেশ ও জার্মানির মধ্যকার ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা নতুন রূপ দিতে এবং দুই সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) ঢাকা পৌঁছাবেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

গতকাল শনিবার সন্ধ্যায় জার্মান দূতাবাস থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষিতে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন ক্ষমতা এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার জার্মানি এই দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যকার যৌথ অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে চায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এলডিসি বা স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসার পাশাপাশি দেশের পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার মুখোমুখি হচ্ছে, ফলে এই আলোচনা প্রথাগত সহায়তা কাঠামোর বাইরে গিয়ে নতুন ক্ষেত্রগুলোতে আলোকপাত করবে।

সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন এবং চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন।

ঢাকায় অবস্থানকালে তিনি জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’-এর উৎসবে যোগ দেবেন।

বাংলাদেশ ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বগণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। কয়েক দশকের স্নায়যুদ্ধকালীন বিভাজনের পর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির ঐতিহাসিক ‘জার্মান রিইউনিফিকেশন ডে’কে স্মরণ করে এই দিবসটি উদযাপন করা হয়।

এই সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে জার্মানির অব্যাহত অঙ্গীকারকে তুলে ধরা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর