বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
28 C
Dhaka
Homeজেলার খবরস্থানীয় নির্বাচন নিয়ে ফটিকছড়ি ও হাটহাজারীতে বিএনপি-জামায়াতের দৌড়ঝাঁপ শুরু

স্থানীয় নির্বাচন নিয়ে ফটিকছড়ি ও হাটহাজারীতে বিএনপি-জামায়াতের দৌড়ঝাঁপ শুরু

প্রকাশ: আগস্ট ১৪, ২০২৬ ৯:০৪

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো।

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে গত ১০ আগস্ট ভোটার ও ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর তৎপরতা ও সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে ফটিকছড়ি ও হাটহাজারীতে।

দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ দলীয় সমর্থন পেতে তদবির চালাচ্ছেন। তবে উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত এবং তৃণমূলের অনেক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা জটিলতার আশঙ্কা রয়েছে এসব উপজেলায়।

গত ৯ আগস্ট চট্টগ্রামে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকেও বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে দলের একক প্রার্থী করার নির্দেশ দিয়েছেন বলেও জানান দলীয় সূত্র।

এ বিষয়ে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, ‘শিগগির উত্তর জেলা বিএনপি ও তৃণমূলের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে।’ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি বলেন, ‘এলাকায় প্রার্থীদের ভিত্তি, জনপ্রিয়তা, সামাজিক কর্মকাণ্ড ও প্রার্থীর চরিত্রসহ নানা বিষয়ে জরিপ করা হচ্ছে। একাধিক জরিপের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।’

অপরদিকে ফটিকছড়ি ও হাটহাজারীতে জামায়াতে ইসলামীর নেতারাও স্থানীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন সময় দলের বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নানা যোগ্যতা ও সামাজিক অবস্থানের বিষয়ে খোঁজ খবর নেয়া শুরু করেছে দলটি।কিছু কিছু ইউনিয়নে অনেককে দলের প্রার্থী হিসেবে ঘোষণাও দিয়েছে জামায়াত।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী যাচাইয়ের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ফটিকছড়ি উত্তরসহ চট্টগ্রামের ১৬টি উপজেলায় ১৮৯টি ইউনিয়ন পরিষদে ভোটার রয়েছেন ৪২ লাখ ৪৫ হাজার ৬৬৯ জন। এসব এলাকায় ভোটকেন্দ্র ১ হাজার ৭৮১টি এবং ভোটকক্ষ ৮ হাজার ১৫৩টি। এছাড়া ১৪টি পৌরসভায় ভোটার ৫ লাখ ৫৯ হাজার ৫৮৭ জন। সেখানে ভোটকেন্দ্র ২১৯টি এবং ভোটকক্ষ ১ হাজার ৯৫টি।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার ও ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রস্তুতি নেওয়া হবে।

সব মিলিয়ে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই দলের প্রার্থী নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্ম তৎপরতা বেড়ে চলেছে উপজেলাগুলোতে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর