সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের সাতমাইল গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মিরপুর থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন আকরাম হোসেন। পথিমধ্যে মহাসড়কের সাতমাইল গ্যাস ফিলিং স্টেশনের সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পাটবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় তার মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায় এবং মাথায় মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়দের মতে, বিকল হওয়া ট্রাকটি মহাসড়কে দাঁড়িয়ে থাকলেও কোনো পার্কিং বা বিপৎসংকেত বাতি (ইন্ডিকেটর) জ্বালানো ছিল না। ফলে সন্ধ্যার আলো-আধারিতে দূর থেকে ট্রাকটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


