মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নিজ ঘর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার নাম আছিয়া বেগম (৭৫)। তিনি উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি তার এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে। নিহতের মেয়ে পান্না বেগম বলেন, বাবার মৃত্যুর পর মা ও খালা দুইজনে ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) সেই খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করেন। কিন্তু ঘরের ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে প্রতিবেশীরা দেখেন, বসত ঘরের ভেতরে খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, সকালে এসে দেখি খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে আছে। ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা আমার মাকে খুন করে সব নিয়ে গেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘নিজ ঘরের ভেতর খাটের ওপর থেকে বৃদ্ধ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। সম্ভাব্য আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


