২৭ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলার হেঁয়াকো এলাকায় এ ঘটনা ঘটে। পরে পালানোর সময় নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুয়াবিল টেকের দোকান এলাকা থেকে একটি নোহা গাড়িসহ তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি নোহা গাড়িতে করে পাঁচজন হেঁয়াকো এলাকায় যান। সেখানে তারা মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরির চেষ্টা করছেন এমন সন্দেহে স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে সুয়াবিল টেকের দোকান এলাকায় তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করেন।
খবর পেয়ে উদালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিষ চন্দ্র দেব ঘটনাস্থলে পৌঁছান। তিনি তাদের উদ্ধার করে ভূজপুর থানায় নিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন সাইদুল ইসলাম শিমুল (৩২), সামশু উদ্দিন (৪১), মোজাম্মেল হক (৩২), ইউনুস (৪২) ও সোহাগ (৩৪)। তাঁদের মধ্যে শিমুলের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে। সামশু উদ্দিন, সোহাগ ও মোজাম্মেল হক কুমিল্লার লাকসামে এবং ইউনুসের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচজন হেঁয়াকো এলাকায় টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের ধাওয়ায় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুয়াবিল টেকের দোকান এলাকায় জনতার হাতে আটক হন। পরে খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।ওসি আরও বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


