রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
27 C
Dhaka
Homeবিনোদনপ্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধ চেয়ে আইনি নোটিশ

প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধ চেয়ে আইনি নোটিশ

প্রকাশ: আগস্ট ২৮, ২০২৬ ৬:৩২

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এই নোটিশ পাঠান।

আইনি নোটিশটির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে।

নোটিশে দাবি করা হয়, বর্তমানে দেশীয় নাটক ও চলচ্চিত্রে অতিরিক্ত প্রেম ও রোমান্টিক উপকরণের আধিক্য দেখা যাচ্ছে। এসব কনটেন্ট ক্রমাগত প্রদর্শনের কারণে একধরনের সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। ফলে তরুণ সমাজ ও শিক্ষার্থী শ্রেণি তাদের পড়ালেখা এবং পেশাগত ক্যারিয়ার থেকে দূরে সরে পড়ছে।

এতে আরও উল্লেখ করা হয়, কিছু নাটক ও চলচ্চিত্রে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক এবং চিত্তাকর্ষক হিসেবে তুলে ধরা হচ্ছে, যা সমাজে বিদ্যমান নৈতিক মূল্যবোধের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান নোটিশে সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে জানান, জাতীয় সংস্কৃতি ও শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে এবং শালীনতা ও নৈতিকতার স্বার্থে বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতার ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপের স্পষ্ট সুযোগ সংবিধানে রয়েছে।

নোটিশে কেবল প্রেমভিত্তিক নাটকের দৌরাত্ম্য বন্ধ করে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষা বিষয়ক গঠনমূলক চলচ্চিত্র ও নাটক নির্মাণে সরকারি উদ্যোগে জোর দেওয়ার দাবি জানানো হয়।

নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তা নোটিশদাতাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। তা না হলে জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেন আইনজীবী।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর