রবিবার, আগস্ট ১৬, ২০২৬
রবিবার, আগস্ট ১৬, ২০২৬
30 C
Dhaka
Homeখেলালিওনেল মেসি ম্যারাডোনার ৩৯ বছরের যে রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে

লিওনেল মেসি ম্যারাডোনার ৩৯ বছরের যে রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে

প্রকাশ: জুলাই ১৪, ২০২৬ ২:৪২

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সামনে এবার অপেক্ষা করছে আরও একটি ঐতিহাসিক মাইলফলক।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ৩৯ বছর ধরে অক্ষত থাকা একটি বিশ্বকাপ রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ পাবেন তিনি।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে আট গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি। গোল করার পাশাপাশি আক্রমণভাগে তার সামগ্রিক অবদানও নজর কেড়েছে ফুটবলবিশ্বের।

পরিসংখ্যান সংস্থা অপ্টা জো-এর তথ্য অনুযায়ী, এক বিশ্বকাপ আসরে গোলমুখে শটে সম্পৃক্ত থাকার দিক থেকে ইতিহাসের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেসি। এবারের আসরে তিনি মোট ৫৪টি শটে সম্পৃক্ত হয়েছেন। এর মধ্যে নিজে নিয়েছেন ৩৩টি শট এবং সতীর্থদের জন্য তৈরি করেছেন ২১টি গোলের সুযোগ।

এই তালিকায় এখনো শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপে তিনি ২৯টি শট নেওয়ার পাশাপাশি ৩০টি গোলের সুযোগ তৈরি করে মোট ৫৯টি শটে সম্পৃক্ত ছিলেন। প্রায় চার দশক ধরে সেই রেকর্ড অক্ষত রয়েছে।

বুধবার(১৫ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবেন মেসি। ম্যাচটিতে অন্তত ছয়টি শটে সম্পৃক্ত হতে পারলেই ম্যারাডোনার দীর্ঘদিনের সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন বর্তমান আর্জেন্টাইন অধিনায়ক।

বিশেষ বিষয় হলো, ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন মেসি। একদিকে দলকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলার লক্ষ্য, অন্যদিকে ব্যক্তিগত রেকর্ডের হাতছানি সব মিলিয়ে এই ম্যাচটি হতে যাচ্ছে তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে নিজের অবস্থান আরও শক্ত করেছেন মেসি। এবার তার সামনে অপেক্ষা করছে কিংবদন্তি ম্যারাডোনার আরেকটি বিশ্বকাপ রেকর্ড নিজের নামে লেখানোর সুযোগ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর