বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
33 C
Dhaka
Homeখেলাজ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:০০

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা। চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে ৮৯ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাট করে ৪৮.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ১৭৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন অলরাউন্ডার উইল জ্যাকস। দুর্দান্ত স্পিনে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচ উইকেটের দেখা পান ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

 

শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিল ইংল্যান্ড। টম ব্যান্টন ১০ রানে ফিরলেও পাওয়ারপ্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে স্বাগতিকরা। এরপর ২৯ বলে ৩২ রান করে আউট হন বেন ডাকেট।

 

জো রুট ও হ্যারি ব্রুকের ব্যাটে ইনিংসের ভিত শক্ত হতে থাকে। ওয়ানডেতে টানা সপ্তম হাফসেঞ্চুরির পথে থাকা রুটকে ৪৪ রানে বোল্ড করেন অভিষিক্ত সাচিন্দু। পরে অধিনায়ক ব্রুক ৬৯ বলে ৭টি বাউন্ডারিতে ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

একপর্যায়ে ৩ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৮২ রান। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। মাত্র ২৯ রানের মধ্যে চার উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহ থেকে আটকে দেয় তারা। জস বাটলার করেন ৩৩ বলে ৩১ রান।

শেষদিকে ৪৭ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন উইল জ্যাকস। তার ব্যাটে ভর করে কোনোমতে লড়াই করার মতো ২৬৫ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।

জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ২৭ রানে কামিন্দু মেন্ডিসের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। জ্যাকসের স্পিনে একপর্যায়ে ১০৫ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

তবে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান ওয়েলালাগে। ৩৬ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলের পরাজয়ের ব্যবধান কমান তিনি। শেষ পর্যন্ত ১৭৬ রানে ৭ উইকেট থেকে একই ওভারে চার বলের মধ্যে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন জ্যাকস। পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।

ওয়ানডে তো বটেই, লিস্ট ‘এ’ ক্রিকেটেও এটিই জ্যাকসের প্রথম ফাইফার।

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী বৃহস্পতিবার হেডিংলিতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর