এক মৌসুমে চার শিরোপা জয়ের স্বীকৃতি, সঙ্গে বর্ষসেরা নারী দলের কোচের পুরস্কার। ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে বার্সেলোনার নারী দলের জন্য রাতটি হয়ে উঠল সাফল্যে মোড়ানো। নারী ফুটবলে সেরার স্বীকৃতি পেয়েছে কাতালান ক্লাবটি। অন্যদিকে পুরুষদের বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
সোমবার রাতে লন্ডনে আয়োজিত এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা নারী ক্লাবের পুরস্কার গ্রহণ করেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা। গত মৌসুমে স্পেনের নারী লিগ, কোপা দে লা রেইনা, উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপসহ চারটি প্রতিযোগিতাতেই শিরোপা জিতেছে বার্সেলোনা। ঘরোয়া ও ইউরোপীয় ফুটবলে এমন সাফল্যের স্বীকৃতিই মিলেছে এই পুরস্কারে।
বার্সেলোনার সাফল্যের রাতে ব্যক্তিগত স্বীকৃতিও পেয়েছেন নারী দলের কোচ পিরি রোমেও। বর্ষসেরা নারী দলের কোচের পুরস্কার জিতে ক্লাবটির সাফল্যে যোগ করেছেন আরেকটি অর্জন।
পুরুষদের বিভাগে বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে পিএসজি। টানা দ্বিতীয়বার এই স্বীকৃতি পেল ফরাসি ক্লাবটি। সংক্ষিপ্ত তালিকায় তাদের সঙ্গে ছিল আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোদো/গ্লিম্ট ও ফ্লামেঙ্গো। তবে চ্যাম্পিয়নস লিগে সাফল্যের সুবাদে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে পুরস্কার জিতে নেয় পিএসজি।
পিএসজির হয়ে পুরস্কার গ্রহণ করেন গতবারের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। ইউরোপের ক্লাব ফুটবলে পিএসজির ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এসেছে এই অর্জন।


