টানা বৃষ্টি ও জ্বালানির দাম বাড়ায় সরবরাহে বিঘ্ন ঘটার পাশাপাশি বেড়েছে পরিবহন ব্যয়। আর এর সরাসরি প্রভাব পড়ছে রাজধানীর কাঁচাবাজারে।শুক্রবার (১ মে) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
বর্তমানে প্রতিকেজি কাঁচামরিচ ৬০ টাকা, টমেটো ৫০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ৮০ টাকা, পটোল ৭০ টাকা, পেঁপে ১০০ টাকা, বেগুন ৭০ টাকা, সজনে ১৪০ টাকা ও ধনিয়া পাতা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেবু হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ক্ষেত থেকে সবজি তোলা ব্যাহত হচ্ছে। এতে সরবরাহ কমে গেছে। এর সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচও বেড়েছে।
সবজি বিক্রেতা মো. শাহবুদ্দিন বলেন, অনেক দূর-দূরান্ত থেকে পণ্য আসে। পাইকারিতেই বস্তায় ১০০ থেকে দেড়শো টাকা বেশি। পরিবহন খরচ বাড়লে আমাদেরও বেশি দামে কিনতে হয়, বেশি দামে বিক্রি করতেও হয়।
মুরগির বাজারে অবশ্য গত সপ্তাহের তুলনায় দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়; দেশি মুরগি ৭৪০ টাকা, সোনালি ৩৫০ টাকা এবং লেয়ার ৩৫০ টাকায়।
অন্যদিকে জলাবদ্ধতার কারণে বাজার করতে এসে বাড়তি ভোগান্তির কথা জানিয়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বাজারে আসতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি বাড়তি দামও গুনতে হচ্ছে।
রনি নামে এক ক্রেতা বলেন, জ্বালানির দাম বাড়ার পর থেকেই সবকিছুর ওপর চাপ পড়ছে। এখন আবার টানা বৃষ্টিতে বাজারের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সাধারণ মানুষের পক্ষে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে যাচ্ছে।
বিক্রেতারা বলছেন, আবহাওয়া স্বাভাবিক না হলে এবং পরিবহন ব্যয় না কমলে আগামী দিনগুলোতে বাজারে দামের চাপ আরও বাড়তে পারে। সব মিলিয়ে জ্বালানির দাম বৃদ্ধি ও টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকেই।


