বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
23 C
Dhaka
Homeজেলার খবরখুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের ভর্তি সম্পন্ন: উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের ভর্তি সম্পন্ন: উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা

প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৬ ৬:৫৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কৃষি গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত রবিবার (২৬ এপ্রিল ) থেকে শুরু হওয়া এই ভর্তি প্রক্রিয়া চলবে ২৯ এপ্রিল পর্যন্ত । দেশের ৯টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি, ভেটেরিনারি এন্ড বায়োমেডিকেল সায়েন্সেস, মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান, কৃষি অর্থনীতি এবং কৃষি প্রকৌশল এই পাঁচ অনুষদে ভর্তির সুযোগ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সকাল থেকেই নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর কৃষি গুচ্ছের কেন্দ্রীয় নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে অত্যন্ত স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সনদ যাচাই-বাছাই ও ডিজিটাল পদ্ধতিতে ফি জমাদানসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ বুথ ও সহায়তা কেন্দ্র স্থাপন করে। বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করায় কোনো প্রকার ভোগান্তি ছাড়াই শিক্ষার্থীরা তাদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে পেরেছেন।

ভর্তি কার্যক্রম চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব ড. মো. নাজমুল আহসান ও উর্ধ্বতন কর্তৃপক্ষ কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কর্তৃপক্ষ জানান, দক্ষিণাঞ্চলের একমাত্র এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে সুযোগ পাওয়া এই তরুণরাই আগামী দিনে স্মার্ট কৃষি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভর্তি সম্পন্ন হওয়া শিক্ষার্থীদের জন্য খুব শীঘ্রই ওরিয়েন্টেশন ক্লাস এবং নিয়মিত পাঠদানের সূচি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.kau.ac.bd) ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমাদানের মাধ্যমে তাদের ভর্তি নিশ্চিত করা হয়েছে।

​উল্লেখ্য, এ বছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং ফল প্রকাশ করা হয়েছিল ৭ জানুয়ারি। দীর্ঘ অপেক্ষার পর চূড়ান্ত ভর্তির মাধ্যমে উচ্চশিক্ষার নতুন ধাপে পা রাখলেন মেধাবী এই শিক্ষার্থীরা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর