মৌসুমি কাঁচা আমের সময় শেষ হওয়ার আগেই তৈরি করতে পারেন এই ব্যতিক্রমী রেসিপিটি। গরম ভাত, পোলাও কিংবা সাধারণ দুপুরের খাবার—সবকিছুর সঙ্গেই জমবে দারুণ এই রেসিপি। আজ আমরা জানাব কীভাবে আম-কাসুন্দি চিংড়ি তৈরি করবেন। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
- ৩৫০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি
- একটি কাঁচামিঠা আম
- ২ টেবিল চামচ কালো সরিষা
- ১ টেবিল চামচ সাদা সরিষা
- ২ টেবিল চামচ পোস্ত
- ৫-৭টি কাঁচালঙ্কা
- ১ টেবিল চামচ কাসুন্দি
- ১ চা-চামচ চিনি
- স্বাদমতো লবণ
- আধ চা-চামচ হলুদ
- সরিষার তেল পরিমাণ মতো
প্রস্তুত প্রণালী
কাঁচামিঠে আম নিলে, টক ভাব কম হবে। অন্য আম দিয়েও করতে পারেন। সে ক্ষেত্রে আম টক হলে সেটি কম পরিমাণে নিতে হবে। আম কেটে মিক্সারে ঘুরিয়ে নিন বা মিহি করে পাটায় বেটে নিন। সরিষা, পোস্ত, কাঁচালঙ্কা, হলুদ, লবণ দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন।
কড়াইয়ে একটু বেশি করে সরিষার তেল দিয়ে লবণ-হলুদ মাখানো চিংড়ি হালকা ভেজে নিন। যোগ করুন কাঁচা আমের ক্বাথ। চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিন পোস্ত-সরিষা বাটা। দিয়ে দিন স্বাদমতো চিনি। আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন। একেবারে শেষ ধাপে যোগ করুন কাসুন্দি, চেরা কাঁচালঙ্কা ও সরিষার তেল। মিনিট পাঁচেক রান্না করে নামিয়ে নিন। গরম ভাতের পাতে খেতেই তা সবচেয়ে ভাল লাগবে। বাসন্তী পোলাওয়ের সঙ্গেও খাওয়া যাবে।


