মঙ্গলবার, মে ১৯, ২০২৬
মঙ্গলবার, মে ১৯, ২০২৬
32 C
Dhaka
Homeশিক্ষাছাত্র রাজনীতি বন্ধ করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেয়া উচিত : পিএসসি সচিব

ছাত্র রাজনীতি বন্ধ করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেয়া উচিত : পিএসসি সচিব

প্রকাশ: মে ১৯, ২০২৬ ৬:৪৭

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব ড. সানোয়ার জাহান ভুঁইয়া বলেছেন, ছাত্র রাজনীতি বন্ধ হলে সিভিল সার্ভিসটা আরও ভালো চলবে। কারণ, তখন কারও রাজনৈতিক পরিচয়ের কারণে মূল্যায়ন বা ভিকটিম হওয়ার সুযোগ থাকবে না।

মঙ্গলবার (১৯ মে) ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. সানোয়ার জাহান ভুঁইয়া বলেন, ছাত্র রাজনীতি করার জন্য বা রাজনৈতিক পরিচয়ের কারণে অনেকেই বিসিএসে বাদ পড়ে যায় কিংবা ভিকটিম হয়। আবার সিভিল সার্ভিসে ঢোকার পরও অনেকে সেই পরিচয় লালন করে, ফলে গ্রুপিং তৈরি হয় এবং সেখানেও অনেকে ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য আমি মনে করি, রাজনীতি না করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেয়া উচিত। পড়াশোনাই হোক শিক্ষার্থীদের মূল রাজনীতি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ছাত্র রাজনীতির মধ্যেও গুণগত পরিবর্তন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দলীয় প্যানেলের পরিবর্তে অন্য নামে প্যানেল দেয়া হয়েছে। এটাও ইতিবাচক পরিবর্তনের অংশ।

সচিব আরও বলেন, বর্তমান কমিশনের অধীনে ভাইভা বা বিসিএসে রাজনৈতিক কারণে কাউকে বাদ দেয়া হচ্ছে না। খুবই নিরপেক্ষভাবে মেধার ভিত্তিতে নির্বাচন করা হচ্ছে। তবে পিএসসি শুধু সুপারিশ দেয়, পরে জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যাকগ্রাউন্ড যাচাই করে সিদ্ধান্ত নেয়। কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা থাকলে সে বিষয়ে সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ক্ষেত্রে পিএসসির কোনো ভূমিকা নেই।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইবিসাসের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ডায়েরি, ক্যালেন্ডার ও ইবিসাস প্রকাশিত ম্যাগাজিন ‘লুব্ধক’ উপহার হিসেবে তুলে দেয়া হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর