পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। শিক্ষা ক্যালেন্ডারের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৪ মে থেকে এই ছুটি শুরু হওয়ার কথা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা মূলত আগামীকাল ২১ মে (বৃহস্পতিবার) ক্লাসের পরেই লম্বা ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শিক্ষাপঞ্জি অনুসারে, দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোয় আগামী ২৪ মে (রোববার) থেকে ছুটি কার্যকর হবে। তবে ২২ ও ২৩ মে যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল ২১ মে বৃহস্পতিবারই হচ্ছে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের এই মৌসুমের শেষ ক্লাস বা কর্মদিবস। ফলে কার্যত আগামীকাল থেকেই অনানুষ্ঠানিকভাবে লম্বা ছুটিতে চলে যাচ্ছে শিক্ষার্থীরা।
ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে?
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এই ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে। ফলে সব মিলিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ছুটি কাটিয়ে আগামী ৭ জুন (রোববার) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় নিয়মিত পাঠদান ও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
অপরদিকে মাদ্রাসার শিক্ষার্থীরা আরও দীর্ঘ ছুটি পাচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোয় ২৪ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা ২৩ দিনের ছুটি পাচ্ছে।


