বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
35.4 C
Dhaka
Homeআন্তর্জাতিকনরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প 

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প 

প্রকাশ: জুন ১৮, ২০২৬ ১:০৫

জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে কিলারের মতো কঠিন, দক্ষ ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি বাইরে থেকে শান্ত ও নম্র মনে হলেও তিনি বাস্তবে অত্যন্ত দৃঢ়চেতা একজন নেতা।

ট্রাম্প বলেন, “তিনি একজন কঠিন আলোচক। আমি যতদিন হোয়াইট হাউসে থাকব, ততদিন ভারত একজন নির্ভরযোগ্য বন্ধুকে পাশে পাবে।”

রসিকতার ছলে মোদির প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি দেখতে খুবই চমৎকার, যেন একজন ‘ফেরেশতা’। তবে বাস্তবে তিনি একজন ‘খুনী’র মতোই কঠিন। এই ধরনের মানুষ খুব কমই দেখা যায়।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে এবং মোদির প্রতি মার্কিন প্রশাসনের গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি বলেন, মোদি ভারতের জনগণকে ভালোবাসেন এবং যুক্তরাষ্ট্রেরও একজন ভালো বন্ধু।

ভারতের নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভারত যদি কোনো আক্রমণের শিকার হয় এবং মোদি নেতৃত্বে থাকেন, তাহলে যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় এগিয়ে আসবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি করতে পারে।

মোদি আরও বলেন, বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালি সবসময় উন্মুক্ত রাখা প্রয়োজন।

বৈঠকে দুই নেতা তাদের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন। ট্রাম্প ভবিষ্যতে ভারত সফরের আগ্রহ প্রকাশ করেন।

পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই নেতা। ট্রাম্প বলেন, বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর