মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
28.7 C
Dhaka
Homeবাংলাদেশরাজধানীর তিন স্থানে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষ

রাজধানীর তিন স্থানে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষ

প্রকাশ: আগস্ট ৪, ২০২৬ ৭:৫০

রাজধানীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এই ঘটনায় উভয় দলের বেশ কয়েকজন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদরাসা ও ঢাকা কলেজে ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, মারধর ও উত্তেজনার ঘটনা ঘটে।

সকালের দিকে উত্তেজনা দেখা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি এবং পরে ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে অংশ নিতে জকসু ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরে সেমিনার শেষে শহীদ মিনারের সামনে দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে।

সংঘর্ষে জকসু ও ছাত্রশক্তির কয়েকজন নেতা-কর্মী আহত হয়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন। ছাত্রদলও তাদের কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার দাবি করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি ও শিবির নেতা রিয়াজুল ইসলাম বলেন, ‘প্রক্টোরিয়াল টিম শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে শিক্ষার্থী, জকসু সদস্যদের মারধর করেন। এ সময় আমি শিক্ষার্থীদের বাঁচাতে গেলে আমার জামা ছিঁড়ে টেনেহিঁচড়ে ক্যাম্পাস থেকে আমাকে বের করে দেয় তারা।’

জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিন মিয়া অভিযোগ করেন, সেমিনার শেষে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে জকসুর ভিপি, জিএস, এজিএস ও ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখকে বেধড়ক মারধর করেছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ইউজিসির চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে ছাত্রশিবির ও তাদের সহযোগী সংগঠন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। এতে ছাত্রদলেরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, সকালে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও বিকেলে ছাত্রশক্তির সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ এখনও চলমান রয়েছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করেন।

ছাত্রশিবিরের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতির সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে শিবিরের কয়েকজন নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্যে শাখা অফিস সম্পাদক আব্দুল মালেককে মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা কলেজ ছাত্রদলের দাবি, শিবিরের বহিরাগত নেতা-কর্মীরা সকালে ক্যাম্পাসে জড়ো হয়ে উসকানিমূলক আচরণ করেন এবং ছাত্রদলের এক কর্মীকে মারধর করেন। এর জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয়।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, ‘শিবির সুপরিকল্পিতভাবে হামলার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তারা অবস্থান নিয়েছেন।’

ঘটনার পর ঢাকা কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেন এবং ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

দিনের শেষ ভাগে রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহত দুই ছাত্রদল নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা হলেন- মাদরাসাটির ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সানাউল্লাহ (৩০) ও লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)।

অভিযোগ উঠেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির, ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনার জেরে ন্যাশনাল মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন শিবির ও ছাত্র শক্তির নেতাদের ওপর আবার হামলা করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। বিকাল পৌনে ৫টার দিকে তারা হাসপাতালে প্রবেশ করে। হাসপাতালের বাইরে ও জরুরি বিভাগের চিকিৎসাধীন থাকা নেতাকর্মীদের মারধর করে। জরুরি বিভাগের ভেতর থেকে একজন বাইরে বের করে এনে মারধর করে।

একই দিনে রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসগুলোতে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর