দ্বিতীয় দিনের প্রথম সেশনে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে লাঞ্চের পর স্বাগতিকদের ব্যাটাররা ইনিংস গুছিয়ে নিলে আবারও চাপে পড়ে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেটে ২২১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে তারা পিছিয়ে মাত্র ৪২ রানে।
দিনের শুরুতে ২ উইকেটে ৫৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপে। বেশিক্ষণ টিকতে পারেননি ফিলিপে। হাসান মাহমুদের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ২৪ রান করেন তিনি।
এরপর ইবাদত হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন জ্যাক ক্লেটন। দ্রুতগতিতে ব্যাট করা এই ব্যাটার ৫৮ বলে ৪৮ রান করেন।
এরপর আবারও আঘাত হানেন হাসান মাহমুদ। অর্ধশতক করা কুর্টিস প্যাটারসনকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তিনি। ৯১ বলে ৫৩ রান করে ইনিংস শেষ হয় প্যাটারসনের।
এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল বোলার হাসান মাহমুদ। ১৩ ওভারে মাত্র ২৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তাসকিন আহমেদ ১২ ওভারে ৩৯ রান দিয়ে এবং ইবাদত হোসেন ৬ ওভারে ৩৪ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন। খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ উইকেটশূন্য থাকলেও দুজনেই ৪৮ রান করে দিয়েছেন।


