বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
30.4 C
Dhaka
Homeখেলাঅবশেষে বিয়ে করলেন রোনালদো ও জর্জিনা

অবশেষে বিয়ে করলেন রোনালদো ও জর্জিনা

প্রকাশ: আগস্ট ১২, ২০২৬ ৯:৩৫

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়েতে গড়াল। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিয়ে করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জর্জিনার সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিয়ের খবর জানান রোনালদো। ছবিতে দুজনের হাতের বিয়ের আংটিও দেখা যায়। একই দিনে ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রোনালদোর বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

প্রায় এক দশক ধরে একসঙ্গে আছেন রোনালদো ও জর্জিনা। দীর্ঘ এই সময়ে তারা একসঙ্গে পরিবারও গড়ে তুলেছেন। রোনালদোর ব্যক্তিজীবনের পাশাপাশি ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তেও পাশে ছিলেন জর্জিনা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দফা রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছিল। সেসব ঘিরে তাদের বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জনও তৈরি হয়। তবে রোনালদো বরাবরই বলে এসেছেন, দুজনের কাছে সময়টি উপযুক্ত মনে হলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন তারা।

ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা জানিয়েছিলেন রোনালদো। তার ভাষ্য অনুযায়ী, বিশেষ কোনো আয়োজন কিংবা বিলাসবহুল ভ্রমণের সময় নয়, বরং গভীর রাতে হঠাৎ করেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

রোনালদো জানিয়েছিলেন, সেদিন এক বন্ধুর কাছ থেকে আংটি পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি। সঙ্গেসঙ্গেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। সেই সময় তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ে এবং জীবনের বিশেষ ওই মুহূর্তের সাক্ষী হয়।

দীর্ঘদিনের সম্পর্ক, একসঙ্গে পরিবার গড়া এবং বিয়ে নিয়ে নানা জল্পনার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রোনালদো ও জর্জিনা। এর মধ্য দিয়ে তাদের দীর্ঘ প্রেমের সম্পর্কে এলো নতুন অধ্যায়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর