শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka
Homeপ্রযুক্তিগ্রামীণফোন মাসে ৭১ টাকায় এআই সেবা চালু করল

গ্রামীণফোন মাসে ৭১ টাকায় এআই সেবা চালু করল

প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:২০

মাসে মাত্র ৭১ টাকায় শিক্ষার্থীদের জন্য এআই সেবা চালু করেছে গ্রামীণফোন। ‘ওয়ানএআই’ নামের এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ইন্টারফেস ও এক সাবস্ক্রিপশনে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ব্যবহারের সুযোগ পাবেন গ্রামীণফোন গ্রাহকরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রামীণফোনের ‘এআই অ্যান্ড আই ডে’ উপলক্ষে জিপিহাউসে আয়োজিত অনুষ্ঠানে ওয়ানএআই সেবার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সেবাটির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ব্যবস্থাপনা দলের সদস্য ও কর্মীদের পাশাপাশি অনুষ্ঠানে ওয়ানএআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিরুল হক উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের জন্য মাসে ৭১ টাকা

গ্রামীণফোন জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য ওয়ানএআইয়ের প্যাকেজ শুরু হচ্ছে প্রতি মাসে মাত্র ৭১ টাকা থেকে। এই প্যাকেজে আনলিমিটেড এআই চ্যাটের পাশাপাশি গবেষণা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন তৈরি এবং কোডিংয়ে সহায়তা পাওয়ার সুবিধা থাকবে।

মাইজিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকরা সরাসরি ওয়ানএআই ব্যবহার করতে পারবেন। মোবাইল ব্যালেন্সের মাধ্যমেই পছন্দের প্যাকেজ কেনা যাবে।

এক প্ল্যাটফর্মে একাধিক এআই

ওয়ানএআই প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি, ক্লড, গ্রক, ডিপসিক, জেমিনাইসহ একাধিক এআই মডেল ও টুল ব্যবহারের সুবিধা থাকবে। ফলে আলাদা আলাদা প্ল্যাটফর্মে পৃথক সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন কমবে।

পড়াশোনা ও গবেষণার পাশাপাশি কনটেন্ট লেখা, কোডিং, সফটওয়্যার তৈরি, এআই দিয়ে ছবি তৈরি, নথি বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরিসহ বিভিন্ন কাজে এসব এআই টুল ব্যবহার করা যাবে।

শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী সুযোগ তৈরি করবে

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রেহান আসিফ আসাদ বলেন, ওয়ানএআইয়ের মতো উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এআই সহজলভ্য করার গ্রামীণফোনের উদ্যোগ আশাব্যঞ্জক। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী উপায়ে এআই টুল ব্যবহারের সুযোগ তৈরি হবে, যা তাদের পড়াশোনা, গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

‘এআই এখন আর পরীক্ষামূলক বিষয় নয়’

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ওয়ানএআই চালুর মাধ্যমে গ্রামীণফোনের এআই যাত্রার পরবর্তী ধাপ শুরু হলো। তাদের কাছে এআই এখন আর পরীক্ষামূলক কোনো বিষয় নয়।

ইয়াসির আজমান বলেন, স্বয়ংক্রিয় নেটওয়ার্ক, ব্যক্তিকেন্দ্রিক সেবা ও এআইভিত্তিক গ্রাহকসেবাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে এআইয়ের ব্যবহার ক্রমেই বাড়ছে। মাইজিপি অ্যাপে ওয়ানএআই যুক্ত করার মাধ্যমে কোটি কোটি গ্রাহকের, বিশেষ করে শিক্ষার্থীদের হাতে এআইয়ের সম্ভাবনা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রামীণফোন জানিয়েছে, প্রতিষ্ঠানটির গ্রামীণফোন একাডেমি ও ফিউচারমেকার্সের মতো উদ্যোগের মাধ্যমেও শিক্ষার্থী ও তরুণদের এআই দক্ষতা তৈরিতে সহায়তা করা হচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর