শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka
Homeখেলা২০২৭ এশিয়া কাপের টিকিট পেলো নেপাল

২০২৭ এশিয়া কাপের টিকিট পেলো নেপাল

প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:৩১

মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৪৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। এই জয়ের সুবাদে ষষ্ঠ ও শেষ দল হিসেবে ২০২৭ সালের ওয়ানডে এশিয়া কাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে হিমালয়ের দেশটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের বায়ুএমাস ওভালে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নেপাল। দলের ভিত গড়ে দেন ওপেনার আসিফ শেখ। ১০৬ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ১০২ রানের চোখধাঁধানো এক শতক হাঁকান তিনি, যা তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

৩১৪ রানের বিশাল জয়ের লক্ষ্যে তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে ২৬৯ রানে অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। দলের পক্ষে রাহুল চোপড়া অপরাজিত ১০০ রান করে একা লড়াই চালালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বল হাতে নেপালের হয়ে সেরা নৈপুণ্য দেখান করণ কেসি, ৪৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করল নেপাল। এর আগে ২০২৩ সালের এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালেও এই আরব আমিরাতকেই হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলেছিল তারা।

উল্লেখ্য, ২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। আগামী বছরের ১৮ জুন থেকে ৪ জুলাই ঢাকা ও চট্টগ্রামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়ানডে বিশ্বকাপের বছর হওয়ায় টুর্নামেন্টটি হবে ৫০ ওভারের সংস্করণে। আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি এই টুর্নামেন্টে অংশ নেবে। আজ চ্যাম্পিয়ন হয়ে শেষ দল হিসেবে তাদের সঙ্গী হলো নেপাল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর