বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
29 C
Dhaka
Homeঅর্থনীতিজরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

প্রকাশ: অক্টোবর ১, ২০২৬ ৯:৪২

২০২৬ সালের জুলাই ও আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব কর মেয়াদের রিটার্ন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ‘ই-ভ্যাট’ সিস্টেমে দাখিল করা যাবে। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতাদের কোনো ধরনের বিলম্ব জরিমানা দিতে হবে না।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) এনবিআরের মূসক (মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক আদেশে এ সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়।

 

আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন দাখিলের বিষয়ে সংশোধিত বিধান করা হয়েছে। ওই বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার পর রিটার্ন দাখিলের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে অনেক করদাতা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে ই-ভ্যাট সিস্টেমে ২০২৬ সালের জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিল করেনি।

এ অবস্থায় রিটার্ন দাখিল করতে না পারা প্রতিষ্ঠানগুলোর সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, বর্ধিত সময়ের এ সুবিধা গ্রহণ করলে সংশ্লিষ্ট করদাতাদের কোনো বিলম্ব জরিমানা দিতে হবে না। তবে যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্ন দাখিল প্রযোজ্য, তাদের শুধু জুলাই ও আগস্টের রিটার্ন জমা দিলেই হবে না; আগামী ১৫ অক্টোবরের মধ্যে সেপ্টেম্বর কর মেয়াদের রিটার্নও ই-ভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর