শনিবার (২ মে) আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে ১০২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সফরকারীরা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া শিকারে কিউইদের কাঁপিয়ে দেন শরিফুল। সাজঘরে ফিরে যান কাটানে ক্লার্ক এবং ড্যান ক্লিভার। দুজনই করেছেন মাত্র ১ রান। নিজের পরের ওভারে ১৪ বলে ২৩ রান করা টিম রবিনসনকেও ফিরিয়ে দেন শরিফুল। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
চারে নামা অধিনায়ক নিক কেলিও ১ রানের বেশি করতে পারেননি। তাকে বিদায় করেছেন শেখ মেহেদী হাসান। ৩৩ রানের মধ্যেই ৪ উইকেট হাওয়া কিউইদের। তবে এরপরই যেন শুরু আসল খেলা। ক্রিজে নেমেই তাণ্ডব চালিয়েছেন বেভন জ্যাকবস। সাথে সঙ্গ দিয়েছেন ডিন ফক্সক্রফট।
বাংলাদেশের বোলারদের উপর কাউন্টার অ্যাটাক চালিয়েছেন জ্যাকবস। একের পর এক বাউন্ডারিতে বের করেছেন রান। সামাল দিয়েছেন শুরুর পরিস্থিতি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি পেলেন বেভন জ্যাকবস। শেষ পর্যন্ত জ্যাকবস এবং ফক্সক্রফটের ব্যাটে চড়েই জয়ের বন্দরে চলে গেছে নিউজিল্যান্ড। ২০ বল এবং ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে কিউইরা।
ফিফটি হাঁকানো জ্যাকবস টিকে ছিলেন ৩১ বলে ৬২ রান করে। অন্যদিকে ১৫ বলে ১৫ রানের ইনিংস খেলে টিকে ছিলেন ডিন ফক্সক্রফট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১১ বলে ১৬ রান করে চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন সাইফ হসান। পরের ওভারে তানজিদ তামিম ১০ বলে ৬ রান করে আউট হন।
পরের বলে পারভেজ ইমন ডাক হয়ে ফিরলে বিপাকে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫০ রান। এরপরই শুরু হয় বৃষ্টি। ঝুম বৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল খেলা। ফলে প্রতি ইনিংসের ৫ ওভার কাটার সিদ্ধান্ত নেন আম্পায়ার।
বৃষ্টির পর মাঠে নেমে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন এই টাইগার অধিনায়ক। এরপর ৮ বলে ৩ রান করে শামীম পাটোয়ারী আউট হলে দলের হাল ধরার চেষ্টা করেন হৃদয়।
ওভার কম হওয়ায় দ্রুত রান করার চেষ্টা করছিলেন তিনি। তবে ২৪ বলে ৩৩ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই ডান হাতি ব্যাটার। এরপর উইকেট মিছিল শুরু করেন বাকিরা।
মোহাম্মদ সাইফউদ্দিন (০), রিশাদ হোসেন (৫), শরিফুল ইসলাম (২) ও রিপন মন্ডল ডাক আউট হলে ইনিংসের ৪ বল হাতে থাকতেই ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।


