বুধবার, নভেম্বর ১১, ২০২৬
বুধবার, নভেম্বর ১১, ২০২৬
24 C
Dhaka
Homeআন্তর্জাতিকচাঞ্চল্যকর তথ্য গোয়েন্দা প্রতিবেদনে,ইরানের মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা

চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দা প্রতিবেদনে,ইরানের মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা

প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৬ ৭:৪০

মধ্যপ্রাচ্য ও এর বাইরে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের ওপর হামলা চালানোর প্রচেষ্টা ‘উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে’ ইরান। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-এর হাতে আসা গত ২৩ অক্টোবরের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো একটি মেমোতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন দূতাবাস থেকে কর্মী কমানোর সিদ্ধান্তের পেছনে এই গোয়েন্দা প্রতিবেদনটি অন্যতম বড় কারণ। এ ছাড়া তাদের আশঙ্কা, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বাইরেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে তাদের হামলার পরিধি বাড়াতে পারে।

শুক্রবার ফ্লোরিডার এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো আরেকটি ছোট্ট অপারেশন এপিক ফিউরি (ইরানে সামরিক অভিযানের মার্কিন নাম) চালাতে পারি, অথবা (ইরানিরা) কোনও চুক্তিতে রাজি হবে। তারা যদি বুদ্ধিমান হয়, তবে বলবে—এসো এবার কাজের কথায় আসি। তবে আমার মনে হয় তারা তা করবে না, কারণ হয়তো তাদের সেই বুদ্ধিমত্তা নেই।’

এক্সিওসের হাতে আসা এক পাতার আনক্লাসিফাইড ওই মেমোতে পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে সতর্ক করে জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) জে ক্লেটন বলেছেন, মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার যে পরিকল্পনা করছে ইরান, সে বিষয়ে দ্রুত দূতাবাসগুলোর কর্মীদের অবহিত করা উচিত।

মেমোটিতে নির্দিষ্ট কোনও লক্ষ্যবস্তু, মধ্যপ্রাচ্যের বাইরের কোনও দেশ বা পরিকল্পনার প্রকৃতি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে এতে বলা হয়েছে, এর পেছনের গোয়েন্দা তথ্য ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শেয়ার করা হয়েছে।

ঝুঁকিতে থাকা কর্মীদের সঙ্গে যাতে আরও ব্যাপকভাবে তথ্য শেয়ার করতে পারেন, সেজন্য সংবেদনশীল ওই গোয়েন্দা তথ্যের গোপনীয়তা যতটা সম্ভব কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন ক্লেটন।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবের রাজধানী রিয়াদস্থ মার্কিন দূতাবাস এবং জেদ্দা ও দাহরানের কনস্যুলেট থেকে পরিবারের সদস্য ও কর্মীদের একটি বড় অংশকে চলে যাওয়ার নির্দেশ দেয় পররাষ্ট্র দপ্তর।

একজন মার্কিন কর্মকর্তা জানান, গত শুক্রবার (২৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার ও জর্ডানের দূতাবাসেও মার্কিন কূটনৈতিক ও কর্মী কমানোর নির্দেশ দেয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘হুতিদের হামলা এবং ইরানের সন্ত্রাসী চক্রান্তের হুমকির মুখে আমরা আমাদের উপস্থিতি কমিয়ে শুধু জরুরি কর্মীদের রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর