রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না ঘটলে পশ্চিমবঙ্গের ভোটপর্ব শেষ হলেই তাকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানোর সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
প্রতিবেদন অনুযায়ী, প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের কাছে দিনেশ ত্রিবেদীর নিয়োগে সম্মতি চাইবে নয়াদিল্লি। এই রাজনীতিককে বাংলাদেশে ভারতের প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যারিয়ার ডিপ্লোম্যাটদের প্রতি জবাবদিহিতার বার্তা হিসেবেও দেখা হচ্ছে।
ইউপিএ আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন দিনেশ ত্রিবেদী। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে একই বছরের ৬ মার্চ বিজেপিতে যোগ দেন তিনি।
দিনেশ ত্রিবেদীর এই নিয়োগকে মোদি সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে বলে উল্লেখ করেছে হিন্দুস্তান টাইমস। গুরুত্বপূর্ণ দেশগুলোর দূত হিসেবে সাধারণত ভারতের ফরেন সার্ভিস কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হয়। তবে প্রয়োজনবোধে কাঙ্ক্ষিত এসব পদায়নের ক্ষেত্রে এখন থেকে রাজনৈতিক নেতাদেরও বিবেচনা করবে ভারতের সরকার।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত এবং কার্যকর করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে, ২০১৯ সালে দেশটির সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগকে সেশেলসে হাইকমিশনার হিসেবে পাঠিয়ে মোদি সরকার তাদের নতুন কূটনৈতিক ধারার ইঙ্গিত দিয়েছিল। ঢাকায় দিনেশ ত্রিবেদীর নিয়োগ সেই ধারারই একটি বড় অংশ হিসেবে দেখা হচ্ছে।


