শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
26 C
Dhaka
Homeজাতীয়দণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে ভারতকে বাংলাদেশের বার্তা

দণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে ভারতকে বাংলাদেশের বার্তা

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:৫২
প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:৫১

ভারতে অবস্থানরত বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, তা নিশ্চিত করতে ভারতকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে ভারতকে এ বার্তা দেন তিনি।

বৈঠকে দুই দেশের সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং উভয় দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।

ভারত-বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার ওপর জোর দেওয়া হয় বৈঠকে। এছাড়া পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয় উভয়পক্ষ। একইসঙ্গে বিদ্যমান সমস্যা বা চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়েও গঠনমূলক আলোচনা হয়।

সেইসঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে আলোচনাকালে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা সম্ভাবনাময় ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন উভয়পক্ষ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর