Tuesday, November 24, 2026
Tuesday, November 24, 2026
26 C
Dhaka
Homeজাতীয়সশস্ত্র বাহিনী যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রকাশ: November 24, 2026 7:31

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।

তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তারেক রহমান বলেন, এ মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতিও আরও কার্যকর হবে।

জানা যায়, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগেরও বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। আজ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহড়া পরিদর্শন শেষে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী ঢাকার পথে রওনা হয়েছেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন ও নোয়াখালীর জেলা প্রশাসক।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী এবং উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর