বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্বশুরবাড়িতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখানে এসে তার খুব ভালো লাগছে। তবে দীর্ঘ ১৭ বছর শ্বশুরবাড়িতে আসতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী ও মিজানুর রহমান ডিউক, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদ নাটোরের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান। তার বাবা আব্দুস সোবাহান খান চৌধুরী। নাটোরের চৌধুরী বংশ বা চৌধুরীবাড়ি নামে পরিচিত এ পরিবার ব্রিটিশ ঔপনিবেশিক আমলে রাজশাহী ও নাটোর অঞ্চলের প্রভাবশালী মুসলিম জমিদার পরিবারগুলোর একটি হিসেবে পরিচিত ছিল।
এ পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছে উপমহাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের নানা অধ্যায়। এ বংশের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন বঙ্গীয় আইনসভার সাবেক ডেপুটি স্পিকার আশরাফ আলী খান চৌধুরী, সর্বভারতীয় মুসলিম লীগের নাটোর শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ আলী খান চৌধুরী এবং বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার খান চৌধুরী।
স্বামীর হাত ধরে রাজনীতিতে সক্রিয় হন রুমানা মাহমুদও। পরবর্তী সময়ে সিরাজগঞ্জ-২ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
দীর্ঘদিন পর মন্ত্রীকে শ্বশুরবাড়িতে ঘিরে স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।


