জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিচার শুরু হবে কি না, আজ বুধবার (৬ আগস্ট) এ বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে।
এর আগে গত ৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে নিয়োগপ্রাপ্ত স্টেট ডিফেন্স মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। গ্রেফতার ছয় আসামির পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি শেষ হয় ২৯ জুলাই।
আবু সাঈদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী কারাগারে রয়েছেন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
গত ৩০ জুন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশে গুলিতে শহীদ হন শিক্ষার্থী আবু সাঈদ।


