শনিবার, মে ২, ২০২৬
শনিবার, মে ২, ২০২৬
27 C
Dhaka
Homeখেলা৭ বলে ৭ ব্যাটার ‘হিট আউট’

৭ বলে ৭ ব্যাটার ‘হিট আউট’

প্রকাশ: এপ্রিল ৫, ২০২৬ ৭:৩৩

ক্রিকেট মাঠে হার-জিত থাকেই, থাকে স্লেজিং বা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ। কিন্তু প্রতিবাদের ভাষা হিসেবে টানা ৭ বলে ৭ ব্যাটারের ‘হিট আউট’ হওয়ার ঘটনা সম্ভবত বিশ্ব ক্রিকেটে এই প্রথম। চট্টগ্রামে সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ‘ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি’ টুর্নামেন্টে ক্রিসেন্ট ক্লাব ও বাকলিয়া একাদশের ম্যাচে দেখা গেল এমন এক অদ্ভুত ও বিতর্কিত দৃশ্য।

শুক্রবার (৩ এপ্রিল) ৫ম রাউন্ডের ‘সি’ গ্রুপের দ্বিতীয় খেলায় এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। টসে জিতে ক্রিসেন্ট ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান তোলে। দলের হয়ে ওপেনার নীলাচল সেঞ্চুরী হাঁকান। ৬৭ বল খেলে ১৪টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে তিনি ১০৭ রানের ইনিংস খেলেন। বাকলিয়া একাদশের সামি ৩টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে বাকলিয়া একাদশের ইনিংসে ইভান রহমানকে নিয়ে আপত্তি উঠে। জানা গেছে, চট্টগ্রাম জেলা দলের হয়ে খেলার সময় কোচের সাথে শৃঙ্খলাভঙ্গ জনিত কারণে তার রেজিস্ট্রেশন স্থগিত রাখে আয়োজকরা। এ বিষয়ে সদ্য সাবেক এডহক কমিটি বৈঠক করলেও সিদ্ধান্ত না হওয়া ও সিসিএস’র বৈঠকেও ইভানের শৃঙ্খলা বিষয়ে নিষ্পত্তি না হওয়ায় তিনি অনিবন্ধিতই থেকে যান।

পুরো বিষয় জানতে পেরে ক্রিসেন্ট ক্লাব প্রতিবাদ জানায় এবং কমিটির হস্তক্ষেপে চতুর্থ ওভারের ৫ম বলে ব্যাটিংরত অবস্থায় ইভানকে তুলে নেয়া হয়। এর পরপরই শুরু হয় অভাবনীয় সেই প্রতিবাদ। ওভারের পঞ্চম বল থেকে শুরু করে টানা ৭ বলে বাকলিয়ার ৭ জন ব্যাটার নিজেদের স্টাম্পে আঘাত করে ‘হিট আউট’ হয়ে সাজঘরে ফেরেন।

এর ফলে ক্রিসেন্ট ক্লাবের বোলার হাবিব তার এক ওভারে টানা ৫ বলেই ৫টি উইকেট পান। শেষ পর্যন্ত মাত্র ৪.৫ ওভারে ২৩ রানে অলআউট হয় বাকলিয়া একাদশ। ক্রিসেন্ট ক্লাব ১৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পায়। ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান নীলাচল। তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে আসে ব্যাটারদের ‘হিট আউট’ হওয়ার ঘটনাটি।

এমন অদ্ভুত আচরণের কারণ হিসেবে বাকলিয়া একাদশের কোচ আমিনুল হক জানান, এটি ছিল তাদের তাৎক্ষণিক প্রতিবাদ। তিনি বলেন, “ইভান একজন প্রতিভাবান খেলোয়াড়। তাকে যেভাবে মাঠ থেকে বের করে দেয়া হয়েছে, সেই মুহূর্তটা আমাদের জন্য কষ্টের ছিল। আমরা ঝগড়াঝাটি বা মাঠ ত্যাগ না করে হিট আউট হওয়ার মাধ্যমেই আমাদের ক্ষোভ প্রকাশ করেছি।”

এই ঘটনা নিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে বইছে সমালোচনার ঝড়। শৃঙ্খলা কমিটি বিষয়টি খতিয়ে দেখছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর