কখনও কি ভেবে দেখেছেন, হঠাৎ করে যদি এই পরিচিত খাবারগুলো থেকে নিজেকে দূরে রাখেন, তাহলে শরীর কীভাবে প্রতিক্রিয়া জানায়? মাত্র ১৪ দিনের জন্য দুধ ও ডেইরি পণ্য বাদ দিলে শরীরের ভেতরে শুরু হয় কিছু চুপচাপ পরিবর্তন কখনও স্বস্তি, কখনও আবার নতুন চ্যালেঞ্জ। এই ছোট্ট সময়েই শরীর আপনাকে জানিয়ে দেয়, আসলে কী তাকে ভালো রাখে আর কী নয়।
অনেক সময়ই আমরা বুঝতে পারি না কোন খাবার আমাদের শরীরের সঙ্গে ঠিক মানাচ্ছে আর কোনটা নয়। তাই অনেকেই এখন ‘ডেইরি-ফ্রি’ ডায়েটকে ছোট্ট এক্সপেরিমেন্ট হিসেবে নিচ্ছেন। চলুন, জেনে নেওয়া যাক দুধ-দই বাদ দিলে ১৪ দিনে শরীরে কী কী পরিবর্তন দেখা দিতে পারে।
পেট ফাঁপা কমে যেতে পারে
যাদের ল্যাকটোজ হজমে সমস্যা আছে, তাদের জন্য দুধ বা দুগ্ধজাত খাবার অনেক সময়ই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। পেট ফাঁপা, গ্যাস, এমনকি হালকা ব্যথাও হতে পারে। এই ধরনের সমস্যা থাকলে ডেইরি বাদ দেওয়ার পর বেশিরভাগ মানুষই হালকা ও স্বস্তি অনুভব করেন। যেন হজমতন্ত্র একটু “ব্রেক” পায়।
ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে
দুধ ও দুগ্ধজাত খাবার ক্যালসিয়ামের বড় উৎস। হঠাৎ করে এগুলো বাদ দিলে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যেতে পারে—যা হাড়, পেশি ও স্নায়ুর জন্য গুরুত্বপূর্ণ। তবে ভয় পাওয়ার কিছু নেই—তিল, বাদাম, রাগি, টোফু বা শাকসবজি দিয়ে এই ঘাটতি পূরণ করা সম্ভব, যদি সচেতনভাবে খাবার বেছে নেয়া যায়।
অন্ত্রের ব্যাকটেরিয়ায় পরিবর্তন
দইয়ের মতো ফারমেন্টেড খাবার আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। তাই এগুলো বাদ দিলে অন্ত্রের এই উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্যে সামান্য পরিবর্তন আসতে পারে। কেউ কেউ এতে ভালো বোধ করেন, আবার কারও হজমে হালকা পরিবর্তন দেখা দেয়। এই সময় প্রোবায়োটিক বা ফারমেন্টেড প্ল্যান্ট-বেসড খাবার খাওয়া উপকারী হতে পারে।
ভিটামিন ডি নিয়ে সতর্কতা দরকার
অনেক দুগ্ধজাত খাবারে ভিটামিন ডি যোগ করা থাকে, যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ডেইরি বাদ দিলে এই ভিটামিনের ঘাটতির ঝুঁকি বাড়তে পারে, যদিও মাত্র দুই সপ্তাহে বড় সমস্যা হয় না। তবে দীর্ঘমেয়াদে সূর্যালোক, ফোর্টিফায়েড খাবার বা প্রয়োজন হলে সাপ্লিমেন্টের দিকে নজর দেয়া জরুরি।
ত্বকে পরিবর্তন আসতে পারে
অনেকের ক্ষেত্রে বেশি দুগ্ধজাত খাবার খেলে ব্রণ বা ত্বকের সমস্যা বাড়তে দেখা যায়। তাই দুই সপ্তাহ ডেইরি বাদ দিলে কারও কারও ত্বক পরিষ্কার হতে পারে, ব্রণ কমে যেতে পারে। তবে সবার ক্ষেত্রে এমনটা হয় না ত্বকের অবস্থা অনেকটাই নির্ভর করে হরমোন, পানি পান এবং সামগ্রিক খাদ্যাভ্যাসের ওপর।
দুধ-দই ছাড়ার এই ছোট্ট অভ্যাস কারও জন্য স্বস্তির, আবার কারও জন্য চ্যালেঞ্জিং হতে পারে। আসল বিষয় হলো আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক পুষ্টি নিশ্চিত করা। ডেইরি থাকুক বা না থাকুক, খাবারের ভারসাম্যই শেষ পর্যন্ত ঠিক করে দেয় আপনি কতটা সুস্থ থাকবেন।
সূত্র: এনডিটিভি


