আজ রোববার (১০ মে) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বান্নুর ফতেহ খেল এলাকায় শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। বান্নু পুলিশের কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান এএফপিকে জানান, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশ চেকপোস্টে আঘাত হানে। এরপর একাধিক সশস্ত্র হামলাকারী চেকপোস্টে ঢুকে পড়ে।
পেশোওয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মুহাম্মদ সাজ্জাদ খান বলেন, এ ঘটনায় ১২ জন পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও একজন সদস্য নিখোঁজ রয়েছেন।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সাম্প্রতিক বিদ্রোহী গোষ্ঠির তৎপরতার ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে। এতে ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার সম্পর্কেও চাপ তৈরি হয়েছে। গাড়িবোমা বিস্ফোরণের পর বন্দুকধারীরা চেকপোস্টে ঢুকে গুলি চালায়। হামলায় ছোট ড্রোনও ব্যবহার করা হয়।
বান্নুর এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হামলাকারীরা ভারী অস্ত্রের পাশাপাশি কোয়াডকপ্টার ব্যবহার করেছে। পিছু হটার সময় তারা পুলিশ সদস্যদের অস্ত্রও সঙ্গে নিয়ে গেছে।’
সাম্প্রতিক বছরগুলোতে বান্নুতে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলেও এ প্রবণতা আরও বিস্তৃত হয়েছে।
কাবুলের তালেবান সরকার পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড সশস্ত্র হামলাকারীদের নিরাপদ আশ্রয়স্থল নয়। তবে দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলার ঘটনাও ঘটেছে।


