দেশের বিনোদন অঙ্গনের কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে। অনেকেই তাকে নিয়ে বিভিন্ন পোস্ট করছেন। কেউবা কারিনার স্মৃতি শেয়ার করছেন। এ তালিকায় আছেন উপস্থাপক ও লেখক রুম্মান রশীদ খানও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন এবং এর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবিও। আর এ নিয়েই এখন চলছে আলোচনা। কারিনা একটি সাদাকালো ছবি দিয়ে জানিয়েছিলেন যেন তার মৃত্যুর পর এই ছবিটি প্রকাশ করা হয়।
রুম্মান রশীদ খানের প্রকাশ করা ছবিটি সাদাকালো। ছবিটিতে কারিনার দৃষ্টি রাস্তায়। তার মুখে ছিল হালকা এক চিলতে হাসি এবং দৃষ্টিতে ছিল শান্ত একটি ভাব।
ছবিটি শেয়ার করে রুম্মান রশীদ খান লেখেন, তিনি যখন ছবিটি সাদাকালো এডিট করে হোয়াটসঅ্যাপে কারিনাকে পাঠিয়েছিলেন, তখন কারিনা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, ছবিটি খুব সুন্দর হয়েছে এবং তাকে “নায়িকা নায়িকা” লাগছে। তিনি আরও বলেছিলেন, তার মৃত্যুর পর যেন এই ছবিটিই প্রকাশ করা হয়। কারিনা কায়সারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার (১৫ মে) দিবাগত গভীর রাতে ছবিটি প্রকাশ করেন রুম্মান রশীদ খান।
কারিনা কায়সার লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। গত শুক্রবার ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইয়ে নেয়া হয়। তার সঙ্গে ছিলেন তার মা এবং দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। সিএমসি হাসপাতালের চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন এবং পরে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হলে কারিনা কায়সার মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে শুরু করলেও পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য লেখায় নিজেকে যুক্ত করেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থিতি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ ছিল তার আলোচিত কাজগুলোর মধ্যে অন্যতম।


