শনিবার, মে ১৬, ২০২৬
শনিবার, মে ১৬, ২০২৬
31 C
Dhaka
Homeখেলাপাকিস্তানের বিশ্বকাপ দলে নতুন ৫ ক্রিকেটার

পাকিস্তানের বিশ্বকাপ দলে নতুন ৫ ক্রিকেটার

প্রকাশ: মে ১৬, ২০২৬ ১০:৫৩

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

করাচিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ী তারকা ফাতিমা সানার কাঁধেই তুলে দেয়া হয়েছে দলের নেতৃত্ব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ১৫ বলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়া এই ড্যাশিং ব্যাটারের দলের অভিজ্ঞতা বাড়াতে থাকছেন মুনিবা আলী ও আয়েশা জাফরের মতো চেনা মুখগুলো।

অভিজ্ঞদের পাশাপাশি পাকিস্তান এবার তাদের স্কোয়াডে তরুণ প্রতিভার ওপর ব্যাপক ভরসা রেখেছে। ঘোষিত এই দলে সুযোগ পেয়েছেন এমন পাঁচজন নতুন ক্রিকেটার, যাদের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। আসন্ন বিশ্বকাপেই দেশের জার্সিতে অভিষেক হওয়ার অপেক্ষায় আছেন—আইমান ফাতিমা, নাতালিয়া পারভেজ, রামিন শামিম, সাইরা জেবিন ও তাসমিয়া রুবাব।

আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তান নারী ক্রিকেট দলের সাম্প্রতিক ইতিহাস একেবারেই সুখকর নয়, বরং বেশ লজ্জাজনক। ২০২৪ সালের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। তার আগে ২০২২ আসরে তো সাত ম্যাচের ছয়টিতেই হেরে টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। এমনকি গত বছরের ওয়ানডে বিশ্বকাপেও কোনো জয়ের মুখ দেখেনি পাকিস্তান, যদিও তাদের তিনটি ম্যাচই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। ফলে সানার তরুণ দলের সামনে এখন অতীত ব্যর্থতা ঘুচিয়ে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ।

আগামী ১২ জুন ইংল্যান্ডের মাটিতে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্ট উদ্বোধনের দুই দিন পর, অর্থাৎ ১৪ জুন এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ১৭ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে তারা। ২০ জুন নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে সানার দল। ২৩ ও ২৭ জুন প্রথম পর্বের শেষ দুটি ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস।

এক নজরে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, ডায়ানা বেগ, আইমান ফাতিমা, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটকিপার), নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, রামিন শামিম, সাদিয়া ইকবাল, সাইরা জেবিন, তাসমিয়া রুবাব ও তুবা হাসান।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর