রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬
31 C
Dhaka
Homeখেলা৪ উইকেট তুলে নেয়ায় ম্যাচে ফিরল বাংলাদেশ

৪ উইকেট তুলে নেয়ায় ম্যাচে ফিরল বাংলাদেশ

প্রকাশ: মে ১৭, ২০২৬ ৩:০৩

সিলেট টেস্টের প্রথম দিনেই ২৭৮ রানে অলআউট হয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। জবাবে কোনো উইকেট না হারিয়েই ২১ রান তুলে প্রথম দিন শেষ করেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় দিনের সকালের সেশনে সেই দৃঢ়তা ধরে রাখতে পারেনি সফরকারীরা। দুর্দান্ত বোলিংয়ে এক সেশনেই দলটির ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে দারুণভাবে ফিরেছে বাংলাদেশ।

রোববার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের রানের সঙ্গে মাত্র ১ রান যোগ হতেই আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। দলীয় স্কোরবোর্ডে আর ১ রান যোগ হতে ফেরেন আরেক ওপেনার আজান আওয়াইসও।

পাকিস্তানের শুরুর এই দুটি উইকেটই শিকার করেন পেসার তাসকিন। মাত্র ২৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

প্রাথমিক এই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টায় ৩৮ রানের জুটি গড়েন বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ। তবে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের তোপে তাদের এই প্রতিরোধ ভেঙে যায়। শান মাসুদকে দলীয় ৬১ রানে আউট করার পর দ্রুতই সৌদ শাকিলকেও সাজঘরে ফেরান মিরাজ। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে বসা পাকিস্তানের হয়ে সেশনের বাকি সময়টুকু অবশ্য পার করে দেন বাবর আজম ও সালমান আলী আগা।

মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৯৬ রান তুলেছে পাকিস্তান। বাবর আজম ৩৭ ও সালমান ৬ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের রান থেকে এখনো ১৮২ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে মিরপুরে প্রথম টেস্টে সফরকারীদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। সিলেটের এই ম্যাচে জয় কিংবা ড্র করতে পারলেই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের গৌরব ঘরে তুলবে বাংলাদেশ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর