২০২২ কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলকে তাক লাগিয়ে দিয়েছিল মরক্কো। সেই ধারাবাহিকতায় এবারও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছে ‘অ্যাটলাস লায়ন্স’রা। ইউরোপের শীর্ষ লিগে খেলা একাধিক তারকার উপস্থিতিতে মরক্কোকে এবারের আসরের অন্যতম ডার্ক হর্স হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
আফ্রিকান ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেও বিশ্বকাপে যাচ্ছে মরক্কো। যদিও সেনেগালের বিপক্ষে বিতর্কিত ফাইনালের পর প্রশাসনিক সিদ্ধান্তে তাদের হাতে শিরোপা তুলে দেয়া হয়েছিল।
দলের নেতৃত্বে রয়েছেন তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। পিএসজি ফুলব্যাকের এটি তৃতীয় বিশ্বকাপ। তার সঙ্গে স্কোয়াডে আছেন ব্রাহিম দিয়াজ, সোফিয়ান আমরাবাত ও নুসাইর মাজরাউইয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা।
২০২২ আসরে অসাধারণ পারফরম্যান্সে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কোর সেই অভিযানের অন্যতম নায়ক গোলরক্ষক ইয়াসিন বোনো এবারও পোস্টের নিচে থাকছেন নির্ভরতার প্রতীক হয়ে।
মরক্কান বংশোদ্ভূত ইউরোপিয়ান ফুটবলারদের বড় ভান্ডার থেকে এবারও শক্তি নিচ্ছে দলটি। পিএসভির ইসমাইল সাইবারি ও স্টুটগার্টের বিলাল এল খান্নুস প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলবেন। তবে নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির দলে জায়গা হয়নি অভিজ্ঞ সোফিয়ান বোফলের।
১৩ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো।
গোলরক্ষক
ইয়াসিন বোনো (আল-হিলাল), মুনির এল কাজৌই (আরএস বারকান), আহমেদ রেদা তাগনাউতি (রাজা কাসাব্লাঙ্কা)।
রক্ষণভাগ
আশরাফ হাকিমি (পিএসজি), নায়েফ আগুয়ের্দ (ওয়েস্ট হাম/অলিম্পিক মার্সেই), নুসাইর মাজরাউই (ম্যানচেস্টার ইউনাইটেড), আনাস সালাহ-এদ্দিন (টোয়েন্টে), শাদি রিয়াদ (ক্রিস্টাল প্যালেস), ইউসুফ বেলামারি (আল আহলি), ইসা দিয়প (ফুলহাম), রেদোয়ান হাহলাল (মেখেলেন), জাকারিয়া এল ওয়াহদি (জেঙ্ক)।
মিডফিল্ডার
সফিয়ান আমরাবাত (ফেনারবাচে/রিয়াল বেটিস), ইসমাইল সাইবারি (পিএসভি আইন্দহোভেন), নিল এল আয়নাউই (রোমা), বিলাল এল খান্নুস (স্টুটগার্ট), আজ্জেদিন ওনাহি (জিরোনা), বুয়াদ্দি (লিল), সামির এল মুরাবেত (স্ট্রাসবুর্গ)।
ফরোয়ার্ড
ব্রাহিম দিয়াজ (রিয়াল মাদ্রিদ), শেমসদ্দিন তালবি (সান্ডারল্যান্ড), আইয়ুব এল কাবি (অলিম্পিয়াকোস), সৌফিয়ান রহিমি (আল-আইন), আব্দে এজ্জালজৌলি (রিয়াল বেটিস), আয়ুবে আমাইমৌনি (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), ইয়াসিন গেসিমে (স্ট্রাসবুর্গ)।


