Saturday, November 21, 2026
Saturday, November 21, 2026
22 C
Dhaka
Homeজেলার খবরঈদুল আজহা উদযাপন হলো চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে 

ঈদুল আজহা উদযাপন হলো চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে 

প্রকাশ: May 27, 2026 10:52

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

আজ বুধবার (২৭ মে) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় ঈদের আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় শেষে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাদ্রা দরবার শরীফকে কেন্দ্র করে এই আগাম ঈদ উদযাপন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় সাদ্রা দরবার শরীফের মাদ্রাসা মাঠে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী। পরে সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।

ঈদের নামাজে অংশ নিতে ভোর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জামাতস্থলে জড়ো হন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানি দেন মুসল্লিরা। আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলোতে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় স্থানীয়দের।

ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লি মো. হাসান জানান, ‘আমরা কোনোভাবেই একদিন আগে ঈদ করছি না; আমরা মুসলিম উম্মাহর সঙ্গে মিল রেখে করছি। অনেকেই না বুঝে বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই। আমরা সরকারের কাছে অনুরোধ করব, যাতে আমাদের সঙ্গে মিল রেখে সারা দেশেই ঈদ উদযাপন করা হয়।’

সাদ্রে দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী জানান, ‘সারা বিশ্বে আজ ঈদ উদযাপন করছে, আমরাও ঈদ করছি। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না থাকার কারণে কিছু মানুষ আমাদের সঙ্গে মিলে ঈদ করতে পারছে না। বিশ্বে কোটি কোটি মানুষ আজ উদযাপন করছে, তাহলে আমরা কেন করব না? তারপরও বাংলাদেশের জনগণ সরকারের সিদ্ধান্তের অপেক্ষা না করে ঈদ উদযাপন করতে শুরু করেছেন।’

জানা যায়, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। সেই ধারাবাহিকতায় তাঁর অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই দিনে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন।

প্রতি বছরের মতো এবারও চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, শাহরাস্তিসহ বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপিত হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস ও অনুসরণের অংশ হিসেবেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে থাকেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর