বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
29 C
Dhaka
Homeআন্তর্জাতিকফের ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

ফের ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

প্রকাশ: মে ২৮, ২০২৬ ১২:৫৬

যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যেই আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালির কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসে সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি চারটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। তিন দিনের মধ্যে এটি ইরানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা। আর এই হামলা চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে হুমকি তৈরি করছিল— এমন চারটি ইরানি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ও তারা ভূপাতিত করেছে।

সেন্টকমের দাবি, বন্দর আব্বাসের যে সামরিক স্থাপনাটিতে হামলা চালানো হয়েছে, সেখান থেকে পঞ্চম একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। ইরানি গণমাধ্যম জানিয়েছে, শহরটির পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি এবং যুদ্ধ শেষ করতে দীর্ঘ আলোচনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। এই সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে।

বিবিসি বলছে, গত তিন দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, হামলাগুলো আত্মরক্ষার অংশ হিসেবে চালানো হয়েছে। তবে নতুন করে এই সংঘাত যুদ্ধবিরতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

সেন্টকম তাদের পদক্ষেপকে ‘পরিমিত, সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশ্যে নেয়া’ বলে বর্ণনা করেছে। এর আগে গত সোমবার দক্ষিণ ইরানে চালানো আরেক দফা ‘আত্মরক্ষামূলক’ হামলার কথা নিশ্চিত করেছিল সেন্টকম।

সেই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখা নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সংঘাতের কারণে হাজার হাজার বাণিজ্যিক তেলবাহী জাহাজ ওই প্রণালিতে আটকে আছে। সেন্টকম বলেছে, ইরানি বাহিনীর হুমকি থেকে নিজেদের সেনাদের সুরক্ষার জন্য ওই হামলা চালানো হয়েছিল।

ইরান এসব হামলাকে ‘যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন’ বলে নিন্দা জানায়। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘শত্রুতামূলক সব কর্মকাণ্ডেরই জবাব দেয়া হবে’।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মঙ্গলবার দাবি করেছে, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং ইরানের আকাশসীমায় প্রবেশ করা একটি যুদ্ধবিমান ও আরেকটি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা জানানো হয়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর