ঢাকাই চলচ্চিত্রের নায়িকা ইয়ামিন হক ববির বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুরে এই নায়িকার স্থায়ী ঠিকানার বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুটিংয়ের কাজে ২৫ মে বাড়ি থেকে বের হয়েছিলেন চিত্রনায়িকা ববি। এরপর মঙ্গলবার রাতে তার গৃহপরিচারিকা তাকে মোবাইল ফোনে চুরির ঘটনা জানায়।
মঙ্গলবার ববি বাসায় এসে দেখতে পান তার বেডরুমের ৩টি আলমারির মধ্যে একটি আলমারি খোলা। তখন তিনি আরও ভালোভাবে খেয়াল করে দেখতে পান যে, বেডরুমের জানালা ও বারান্দার ২টি গ্রিল কাটা। এরপর তিনি গোটা ঘর খুঁজে দেখেন তার বাসায় চুরি হওয়া মালামালের তালিকায় রয়েছে, স্বর্ণের চুড়ি ৫ জোড়া মূল্য ৩০ লাখ টাকা, স্বর্ণের কানের দুল ৭ জোড়া মূল্য ১০ লাখ টাকা, স্বর্ণের নেকলেস ৩ টি মূল্য তিন লাখ টাকা, স্বর্ণের লকেট ৮টি মূল্য দুই লাখ টাকা, স্বর্ণের চেইন ১২টি মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা, ডায়মন্ডের নাকফুল ৭ টি মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ৫ টি বাজারমূল্য চার লাখ ২০ হাজার টাকা এবং নগদ ছয় লাখ টাকা। সবমিলিয়ে ৮৫ লাখ ৭০ হাজার টাকার চুরি হয়েছে।
কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক চ্যানেল 24-কে বলেছেন, চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করে ব্যাবস্থা নেবো।


