মঙ্গলবার (৯ জুন) ডলার দুর্বল হওয়া এবং তেলের দাম কমে যাওয়ার প্রভাবে স্বর্ণের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। রয়টার্স বলছে, এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৮ দশমিক ৬৯ ডলার এ দাঁড়িয়েছে। এছাড়া আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার অপরিবর্তিত থেকে ৪ হাজার ৩৬৩ দশমিক ৯০ ডলারে স্থিতিশীল রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ডলারের সূচক (ডলার ইনডেক্স) ০.৩ শতাংশ কমে গেছে, যার ফলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত সোনা তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠেছে।
ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজারকাদা বলেন, তেলের দামে দুর্বলতা দেখা গেছে এবং সোনার দাম সাম্প্রতিক পতনের পর কিছুটা পুনরুদ্ধার করছে, যা মূলত শর্ট-কভারিংয়ের কারণে ঘটছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ইরান ও ইসরায়েল একে অপরের ওপর হামলা বন্ধ করার পর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে কমে গেছে তেলের দাম।
গত সপ্তাহের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর এখন বাজারের নজর যুক্তরাষ্ট্রের আসন্ন মুদ্রাস্ফীতি তথ্যের দিকে। বুধবার মে মাসের কনজ্যুমার প্রাইস ইনডেক্স এবং বৃহস্পতিবার প্রোডিউসার প্রাইস ইনডেক্স প্রকাশিত হবে, যা ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান সম্পর্কে নতুন সংকেত দেবে।
জার্মান ব্যাংক কমার্জব্যাংকের মতে, মে মাসের মুদ্রাস্ফীতি যদি প্রত্যাশার চেয়ে বেশি হয়, তবে স্বর্ণের দাম কমতে পারে। তবে বছরের শেষ দিকে ফেড সুদের হার না বাড়ালে পুনরায় সম্ভাবনা রয়েছে দাম বৃদ্ধির।
অন্যদিকে স্পট রুপার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮.৬১ ডলার, প্লাটিনামের দাম ১.৪ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৮.৯৮ ডলার, এবং প্যালাডিয়ামের দাম ৩.৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৫১.০৫ ডলার এ দাঁড়িয়েছে।
দেশের বাজারে স্বর্ণের দাম
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে রোববার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে ২ জুন ঈদের পর প্রথম দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেসময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করে সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়।


