বুধবার, জুলাই ১, ২০২৬
বুধবার, জুলাই ১, ২০২৬
29.2 C
Dhaka
Homeখেলাসংসদের আলোচনায় টাইগারদের ব্যাটিং ব্যর্থতা, যে ব্যাখ্যা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সংসদের আলোচনায় টাইগারদের ব্যাটিং ব্যর্থতা, যে ব্যাখ্যা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: জুন ৩০, ২০২৬ ৯:৩১

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দলের ব্যাটিংসহ সার্বিক পারফরম্যান্স আরও উন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই সঙ্গে বর্তমান বোর্ডের নেতৃত্বে ভবিষ্যতে দেশের ক্রিকেট আরও গতিশীল হবে এবং ব্যাটিং ইউনিট অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উপস্থাপন করা হয়।

ব্যাটিং দুর্বলতা কাটিয়ে জাতীয় দলের সাফল্য বাড়াতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, একটি ক্রিকেট দলের সাফল্য নির্ভর করে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—এই তিন বিভাগের সম্মিলিত পারফরম্যান্সের ওপর। তাই বয়সভিত্তিক দল থেকে শুরু করে হাই পারফরম্যান্স ইউনিট, বাংলাদেশ ‘এ’ দল এবং জাতীয় দলের খেলোয়াড়দের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও মানসিক দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, বিসিবি দেশি-বিদেশি অভিজ্ঞ কোচ, ফিজিও, ট্রেইনার ও অ্যানালিস্ট নিয়োগের পাশাপাশি প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ, নিয়মিত প্রশিক্ষণ এবং পারফরম্যান্স মনিটরিংয়ের মাধ্যমে ব্যাটসম্যানদের দক্ষতা বাড়াতে কাজ করছে। এর ইতিবাচক প্রভাব সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সেও দেখা যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সব ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স করছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ও সিরিজে জয় পেয়েছে। পাশাপাশি বাংলাদেশ নারী ক্রিকেট দলও আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর বাছাইপর্বে পাকিস্তানকে হারিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তিনি আরও বলেন, জাতীয় দলের ব্যাটসম্যানরা নিয়মিত গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখছেন। একই সঙ্গে বয়সভিত্তিক ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতা থেকে উঠে আসা নতুন ব্যাটসম্যানরাও জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন, যা দেশের ব্যাটিং শক্তিকে আরও সমৃদ্ধ করছে।

এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা হলেও বর্তমান প্রজন্মের মধ্যে এর জনপ্রিয়তা আগের তুলনায় কিছুটা কমেছে।

অন্যদিকে জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর