সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর মালিবাগ ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত বলে জানিয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া) মো. মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, জিসান গ্রুপের অন্যতম সহযোগী ও মাদক কারবারি মো. স্বাধীন আহমেদ রনি (৩৫) মালিবাগ এলাকায় অবস্থান করছেন বলে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে র্যাব। পরে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট ও দুটি ওয়াকিটকি চার্জার জব্দ করা হয়।
মেহেদী ইমরান সিদ্দিকী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের আরও দুই সহযোগী মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মো. মেহেদী হাসানকে (২৪) পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। তাদের ঘর থেকে তিনটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), পাঁচটি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মেহেদী ইমরান সিদ্দিকী জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জিসান গ্রুপের হয়ে খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তারা বিভিন্ন নির্মাণাধীন স্থাপনার মালিক ও ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন।


