চকলেট খেতে ভালোবাসেন? তাহলে ঘরেই তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু চকলেট ব্রাউনি। ওভেন না থাকলেও চুলায় কড়াই ব্যবহার করে তৈরি করা যাবে এই মজার খাবার। সময় লাগবে প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট।
যা যা লাগবে
চকলেট চিপস বা চকলেট — ১/৪ কাপ
মাখন — ১/২ কাপ
চিনি — ১ কাপ
ময়দা — ১/২ কাপ
কোকো গুঁড়া — ২ টেবিল চামচ
লবণ — সামান্য
ডিম — ২টি
ভ্যানিলা নির্যাস — ১ চা চামচ
কুচি করা চকলেট — ১/৪ কাপ
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি বাটিতে চকলেট চিপস ও অল্প মাখন নিয়ে ভালোভাবে গলিয়ে নিন। চকলেট ও মাখন মিশে গেলে মিশ্রণটি আলাদা করে রাখুন।
এরপর ময়দা, কোকো গুঁড়া ও লবণসহ সব শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিন।
অন্য একটি বাটিতে চিনি নিয়ে একটি একটি করে ডিম যোগ করুন। এরপর ভালোভাবে ফেটিয়ে নিন। ডিম ও চিনির মিশ্রণ তৈরি হলে এর মধ্যে কুসুম গরম চকলেট ও মাখনের মিশ্রণ ঢেলে ভালোভাবে মেশান।
এবার ধীরে ধীরে চেলে রাখা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিন। সবশেষে বাকি মাখন ও ভ্যানিলা নির্যাস দিয়ে ভালোভাবে মিশিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন।
এরপর ৯ ইঞ্চির একটি কেকের পাত্রের চারপাশে মাখন বা তেল লাগিয়ে নিন। এতে তৈরি করা মিশ্রণ ঢেলে সমান করে দিন। উপর থেকে কুচি করা চকলেট ছড়িয়ে দিন।
চুলায় একটি কড়াই ৫ থেকে ১০ মিনিট গরম করে নিন। এরপর কড়াইয়ের মধ্যে কেকের পাত্রটি বসিয়ে মাঝারি থেকে কম আঁচে প্রায় ৪০ মিনিট বেক করুন।
ব্রাউনি তৈরি হয়েছে কি না দেখে চুলা থেকে নামিয়ে নিন। তবে পাত্র থেকে বের করার আগে অবশ্যই পুরোপুরি ঠান্ডা হতে দিন। গরম অবস্থায় বের করতে গেলে ব্রাউনি ভেঙে যেতে পারে।
ঠান্ডা হয়ে গেলে পছন্দমতো টুকরো করে পরিবেশন করুন সুস্বাদু চকলেট ব্রাউনি।


