শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
30 C
Dhaka
Homeবিনোদন‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পুরস্কার জিতল ভেনিস চলচ্চিত্র উৎসবে  

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পুরস্কার জিতল ভেনিস চলচ্চিত্র উৎসবে  

প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২৬ ১০:১৯

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে এল বড় সুখবর। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে পুরস্কার জিতেছে নির্মাতা রুবাইয়াত হোসনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

প্রথমবারের মতো ভেনিস চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখায় জায়গা করে নেওয়া বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে এটি নতুন ইতিহাস তৈরি করেছে।

শুক্রবার রাতে বাংলাদেশ সময় প্রায় ১১টার দিকে সিনেমাটির নির্মাতা রুবাইয়াত হোসনের হাতে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস—প্রেমিও বিসাতো দ’ওরো পুরস্কার তুলে দেওয়া হয়। ভেনিসের ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগ থেকে সিনেমাটিকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।

পুরস্কার পাওয়ার পর রুবাইয়াত হোসন বলেন, ভেনিসের মতো গুরুত্বপূর্ণ উৎসবে বিশ্বের বিভিন্ন সিনেমার মধ্য থেকে তার চলচ্চিত্রকে বেছে নেয়া অত্যন্ত সম্মানের। এই স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্মিত হয়েছে নারীর শরীর, আত্মপরিচয় ও নিজের শরীরকে নিয়ন্ত্রণের অভিজ্ঞতাকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ করতে শেখে, আবার কখনো সেই শরীরকেই ভয় করতে শেখে সেই ভাবনা থেকেই সিনেমাটির গল্পের সূত্রপাত।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে। প্রসঙ্গত গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ার হয়। ভেনিসের পাশাপাশি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ১২ সেপ্টেম্বর ভেনিস উৎসবের অফিসিয়াল বিভাগে মূল পুরস্কার ঘোষণা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর