বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার বড় ভাই কামাল আহমেদ বাচ্চু।
আজ শুক্রবার শ্রদ্ধা নিবেদন, জানাজার পর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে আমীরুল ইসলামকে সমাহিত করা হবে।
আমীরুল ইসলাম চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন৷
কয়েকদিন আগে আমিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত রোববার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
এ ছাড়া সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), পদক্ষেপ সাহিত্য পুরস্কার (২০০৫), ছোটদের পত্রিকা পুরস্কার (২০০৭), ছোটদের মেলা পুরস্কার (২০০৯-১০), জাতীয় ছড়া উৎসব সম্মাননা (২০১১), শামসুর রাহমান সাহিত্য পুরস্কার (২০১১) এবং অন্নদাশঙ্কর সাহিত্য পুরস্কার (২০১২)সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
আমীরুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন।


