Friday, November 20, 2026
Friday, November 20, 2026
22 C
Dhaka
Homeআন্তর্জাতিকমার্কিন নারী ৯০০ মাইল সাঁতরে গড়ল ইতিহাস 

মার্কিন নারী ৯০০ মাইল সাঁতরে গড়ল ইতিহাস 

প্রকাশ: October 23, 2026 11:28

অসাধ্য সাধন করলেন ৩৩ বছর বয়সী মার্কিন ওপেন-ওয়াটার সাঁতারু ক্যাথরিন ব্রিড। মাত্র ১১১ দিনে ক্যালিফোর্নিয়ার পুরো ৯০০ মাইল দীর্ঘ উপকূল সাঁতরে পার হয়ে এক অবিশ্বাস্য ইতিহাস রচনা করেছেন তিনি।

গত ১ জুলাই ওরেগন সীমান্ত থেকে শুরু হওয়া এই দীর্ঘ ও চ্যালেঞ্জিং যাত্রা গত ১৯ অক্টোবর মেক্সিকোর টিজুয়ানা সীমান্তে এসে সফলভাবে সম্পন্ন হয়।

প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট ঘণ্টা খোলা সমুদ্রে সাঁতার কেটেছেন ক্যাথরিন। লস অ্যাঞ্জেলেস টাইমস ও নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই অর্জন তার কাছে এখনো স্বপ্নের মতো লাগছে।

দীর্ঘ চার মাসের এই রোমাঞ্চকর যাত্রাপথ মোটেও সহজ ছিল না। বিশেষ করে ‘এল নিনো’র প্রভাবে সমুদ্রের বৈরী আবহাওয়ার কারণে বারবার দিক পরিবর্তন করতে হয়েছে তাকে। এতে সমুদ্রে তার সাঁতারের সময় ও দূরত্ব দুই-ই বেড়ে যায়। এর পাশাপাশি সমুদ্রের দ্রুততম শিকারি হিসেবে পরিচিত ‘মাকো হাঙর’-এর মুখোমুখিও হতে হয়েছিল তাকে।

তবে হাঙর দেখার মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই তাকে নিরাপদে ৫২ ফুট দীর্ঘ নৌকায় তুলে নেন দলের ক্যাপ্টেন মেইসি ব্রিস্টো। ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক কুইন ফিটজগেরাল্ড জানান, এল নিনোর প্রতিকূল পরিস্থিতিতে এমন উচ্চাভিলাষী এক অভিযান সফল করা ক্যাথরিনের অসাধারণ প্রতিভারই প্রমাণ।

ঐতিহাসিক এই অর্জনের পর ক্যাথরিন ব্রিড তার অনুভূতির কথা জানাতে গিয়ে পুরো ক্রু দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টানা প্রায় চার মাস সমুদ্রের বুকে কাটানোর পর আপাতত ছুটি কাটাতে মধ্য আমেরিকায় এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর সমুদ্র সংরক্ষণ এবং সাধারণ মানুষকে বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করতে নিজের এই রোমাঞ্চকর যাত্রার গল্প সবার কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে এই অদম্য সাঁতারুর।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর