মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeজেলার খবরকয়রায় সাংবাদিক ফোরামের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় জিডি

কয়রায় সাংবাদিক ফোরামের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় জিডি

প্রকাশ: ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১১:১৮

খুলনার কয়রায় সাংবাদিক সংগঠন কয়রা সাংবাদিক ফোরামের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচার চালানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবির হোসেন। সোমবার তিনি কয়রা থানায় এ জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক সংবাদ নিয়মিতভাবে প্রচার ও প্রকাশ করে আসছে কয়রা সাংবাদিক ফোরাম। সংগঠনটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে কিছু অসৎ ও স্বার্থান্বেষী ব্যক্তি প্রতিহিংসাবশত একই নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

জিডিতে আরও বলা হয়, ভুয়া ওই ফেসবুক আইডির সঙ্গে সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। উক্ত আইডির মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করা এবং সদস্যদের হয়রানি ও ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

জিডিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, ভবিষ্যতে ওই ভুয়া আইডির মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে সংগঠন ও এর সদস্যদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হতে পারে, যা তাদের সামাজিক ও পেশাগতভাবে ক্ষতির কারণ হতে পারে।

এ বিষয়ে কয়রা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবির হোসেন বলেন,“একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাদের সংগঠনের নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। এতে আমাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আইনগত আশ্রয় নিয়েছি।”

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন,“বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর