শনিবার, জুলাই ১৮, ২০২৬
শনিবার, জুলাই ১৮, ২০২৬
30.7 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে দেশের কওমি ঘরানার ইসলামি দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে হেফাজতের বৈঠক

ফটিকছড়িতে দেশের কওমি ঘরানার ইসলামি দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে হেফাজতের বৈঠক

প্রকাশ: জুলাই ১৬, ২০২৬ ৯:৫৯

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কওমি ঘরানার শীর্ষ ইসলামি দলগুলোর মধ্যে সমন্বয়, বৃহত্তর ঐক্য এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে কওমি ধারার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এ বৈঠক।

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব মুফতি সাজিদুর রহমানের যৌথ আহ্বানে এ বৈঠকের আয়োজন করা হয়।

হেফাজতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়, ইমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।প্রতিটি দলকে সভাপতিসহ তিনজন করে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টির প্রতিনিধিরা অংশ নেন।

একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কওমি ঘরানার ইসলামপন্থী দলগুলোর মধ্যে সমন্বিত অবস্থান তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বিভিন্ন জোট ও রাজনৈতিক সমীকরণ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে কওমি ঘরানার দলগুলোর ভবিষ্যৎ অবস্থান এবং পারস্পরিক সমন্বয়ের বিষয়ই ছিলো এই বৈঠকের অন্যতম আলোচ্যসূচি।

বৈঠকে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুফতি সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হকসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠক চলাকালে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রীস সাংবাদিকদের বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টদের মতে, দেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামপন্থী দলগুলোর ভবিষ্যৎ অবস্থান, পারস্পরিক সম্পর্ক এবং সম্ভাব্য সমন্বিত কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর