মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নাজিরহাট ঝংকার মোড় থেকে শুরু করে বাজার হয়ে মেডিকেল রাস্তার মাথা পর্যন্ত সড়কের দুই পাশের দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক রহমত উল্যাহ। পাশাপাশি অবৈধ স্থাপনা সরাতে সংশ্লিষ্টদের এক দিন সময় দেওয়া হয়।
রহমত উল্যাহ বলেন, সড়কের মেরামতকাজ চলায় বিকল্প সড়কে মানুষের চলাচল বেড়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হচ্ছে। অবৈধ স্থাপনা সরাতে আগে একাধিকবার নোটিশ ও মাইকিং করা হয়েছে।
এ সময় নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ডা. মো. ইব্রাহিম, সদস্য সচিব হাসান কবির, সদস্য এস এম আক্কাছ, মো. জাফর আলম, মো. শাহ জামাল, মো. আজম ও প্রভাস দেসহ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক রহমত উল্যাহ বলেন, “সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”


